এসএসকেএমে বাড়বে বেড, এমবিবিএস আসন বৃদ্ধিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় বড় ধরনের পরিবর্তনের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে নিট (NEET) পরীক্ষায় সফল পশ্চিমবঙ্গের প্রথম ১০০ জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানোর অনুষ্ঠানে তিনি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের জন্য উন্নত কর্মপরিবেশ তৈরি করা হবে। রাজ্যের চিকিৎসকের ঘাটতি মেটাতে এসএসকেএম হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি এমবিবিএস স্তরে আসন সংখ্যাও বৃদ্ধি করা হবে।
স্বাস্থ্য পরিকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুরে নতুন মেডিক্যাল কলেজ স্থাপন এবং উত্তরবঙ্গে এইমস (AIIMS) তৈরির পরিকল্পনার কথা স্মরণ করান। এছাড়া তিনি জানান, আয়ুষ্মান ভারত ও জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় স্বাস্থ্য পরিষেবাকে আরও বিস্তৃত করা হচ্ছে। পাশাপাশি নিউ টাউনে বেসরকারি বিনিয়োগে ২,০০০ শয্যার একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করা হবে, যার অর্ধেক অর্থাৎ ১,০০০টি শয্যা আর্থিকভাবে দুর্বল সাধারণ মানুষের চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে।