ভাসবে কলকাতা! বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কোন কোন জেলায় জারি চূড়ান্ত সতর্কতা?
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে এবং ঘণ্টায় ৩ কিমি গতিবেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আজ সোমবার বিকেলের মধ্যেই এটি বালেশ্বর ও ক্যানিংয়ের মধ্যবর্তী উপকূলীয় অঞ্চল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূলবর্তী এলাকায় ৫০ থেকে ৬০ কিমি এবং অন্যান্য জেলায় ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেমি) কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেমি) জন্য হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ভারী বর্ষণের ফলে নিচু এলাকা ও আন্ডারপাসগুলো জলমগ্ন হওয়ার পাশাপাশি কৃষিজমি ও কাঁচা ঘরের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে এই দুর্যোগের প্রভাব তুলনামূলক কম থাকবে এবং সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।