মাত্র ৪০০ টাকার লোভ! পাথর দিয়ে মাথা থেঁতলে খুড়তুতো ভাইকে নৃশংস খুন!

উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার বাবিনা থানা এলাকার খাজরাহা বুজুর্গ গ্রামে মাত্র ৪০০ টাকা মজুরি নিয়ে বিবাদের জেরে ১৫ বছর বয়সী কিশোর অঙ্কিত আহিরওয়ারকে পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে তার নিজেরই খুড়তুতো ভাই আশিক আহিরওয়ারের বিরুদ্ধে। গত ১৮ই জুলাই নিখোঁজ হওয়ার পরদিন গ্রামের একটি পরিত্যক্ত কুয়ো থেকে অঙ্কিতের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে ভারী পাথরের আঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ অঙ্কিতের মোবাইলের কল ডিটেইলস (CDR) পরীক্ষা করে আশিকের সাথে তার বারবার যোগাযোগের প্রমাণ পায়। জিজ্ঞাসাবাদের মুখে আশিক স্বীকার করেছে, দিনমজুরির মোট ১,২০০ টাকার মধ্যে ৪০০ টাকা পাওনা নিয়ে বিবাদের জেরে সে অঙ্কিতকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করে এবং প্রমাণ লোপাটের জন্য দেহটি কুয়োয় ফেলে দেয়। পুলিশ হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা পাথরটি উদ্ধার করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করার পর জেল হেফাজতে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *