নবান্নর বড় চমক, রাজ্যে এবার ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ!
রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন ও দৈনন্দিন খরচ মেটানোর লক্ষ্যে প্রায় ৮০ হাজার স্কুলকে মোট ২৯৩ কোটি টাকা ‘কম্পোজিট গ্রান্ট’ প্রদান করেছে রাজ্য সরকার। বুধবার নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অনুদান বিতরণের সূচনা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি চলতি অর্থবর্ষেই ধাপে ধাপে ৫০ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের ঘোষণা করেছেন। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষক বা অধ্যাপক নিয়োগ কমিটিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন।
শিক্ষাক্ষেত্রে বড় নিয়োগের পাশাপাশি মিড-ডে মিল ব্যবস্থাতেও পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে কলকাতার স্কুলগুলিতে মিড-ডে মিল পরিচালনার দায়িত্ব পেয়েছে ইসকন (ISKON)। এছাড়া, পড়ুয়াদের পুষ্টির বিষয়টি নিশ্চিত করতে মিড-ডে মিলের মেনুতে নতুন করে ডিম অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা স্বনির্ভর গোষ্ঠীর (SHG) মাধ্যমে সরবরাহ করা হবে বলে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।