কফি, ঘুম আর কাজের জটলা—আপনি ঠিক কোন ক্যাটাগরির মানুষ? জানুন গবেষণার চাঞ্চল্যকর তথ্য!
যুক্তরাষ্ট্রের ক্লেয়ারমন্ট গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি এবং চীনের উহান ইউনিভার্সিটির গবেষকদল মানুষের দৈনন্দিন চিন্তার ধরন বিশ্লেষণ করে তাদের চারটি প্রধান শ্রেণিতে বিভক্ত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’-এ প্রকাশিত এই গবেষণার জন্য ১৯ থেকে ৭১ বছর বয়সী ২৫৮ জন মানুষের ওপর একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ২৩ হাজারের বেশি রিয়েল-টাইম ডেটা পর্যালোচনা করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, মানুষের প্রধান মানসিক ফোকাসের মধ্যে রয়েছে শারীরিক ও মানসিক অনুভূতি (২০%), কাজের চিন্তা (১৭%), খাবার ও পানীয়ের ইচ্ছা (১৪%), ব্যক্তিগত সম্পর্ক (১০%) এবং বিনোদন (১০%)।
গবেষকদের মতে, চিন্তার ধরণ অনুযায়ী মানুষকে চারটি ভাগে চিহ্নিত করা হয়েছে: ‘চিন্তিত বা দুশ্চিন্তাগ্রস্ত’, যারা বিশ্ব পরিস্থিতি ও নিরাপত্তার মতো বিষয় নিয়ে বেশি ভাবেন; ‘সংসার ও হিসাবমুখী’, যারা বাস্তবমুখী কাজ ও অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকেন; ‘শরীর ও মনকেন্দ্রিক’, যারা নিজের শারীরিক অনুভূতি ও আবেগ নিয়ে সচেতন; এবং ‘ওয়ার্ক-হার্ড, প্লে-হার্ড’ বা ভারসাম্য বজায় রাখা দল, যারা কাজ ও বিনোদনের মাঝে সামঞ্জস্য বজায় রাখেন এবং গবেষণায় এদের সন্তুষ্টির মাত্রা সবচেয়ে বেশি পাওয়া গেছে। গবেষকরা জানিয়েছেন, মানুষের তাৎক্ষণিক আনন্দ বা বিষাদ নির্ভর করে সেই মুহূর্তের চিন্তার ওপর এবং পরিস্থিতি অনুযায়ী একজন ব্যক্তি এক চিন্তার ধরন থেকে অন্যটিতে রূপান্তরিত হতে পারেন।