এসআইআরে নাম নেই, তবে কি চাকরি যাবেই? চরম আতঙ্কে রাজ্যের ৫ লক্ষ কর্মী!
বার্তা ডেস্কঃ
রাজ্যের অস্থায়ী কর্মীদের ভবিষ্যৎ নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। পূর্তদপ্তরের এস্টাব্লিশমেন্ট ব্রাঞ্চের সাম্প্রতিক একটি চিঠিতে নির্দিষ্ট ফরম্যাটে ভোটার তালিকার তথ্য ও এসআইআর সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়ায় এই শঙ্কার সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট কর্মীর সংসদীয় ও বিধানসভা কেন্দ্রের বিবরণ এবং ভোটার তালিকার নির্দিষ্ট পাতার সেলফ অ্যাটেস্টেড প্রতিলিপি জমা দিতে বলা হয়েছে। এই নির্দেশ প্রকাশ্যে আসতেই অন্যান্য দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে, তাঁদের ক্ষেত্রেও কি একইভাবে নথি যাচাই করা হবে? তালিকায় নাম না থাকলে চাকরি বাতিল হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ সি, গ্রুপ ডি ছাড়াও সিভিক ভলান্টিয়ার এবং থার্ড পার্টি কনট্রাকচুয়াল মিলিয়ে বর্তমানে রাজ্যে প্রায় পাঁচ লক্ষ অস্থায়ী কর্মী রয়েছেন। এর আগে নিয়োগে ত্রুটি ও ভুয়ো নথির অভিযোগ তুলে ‘ঝাড়াই-বাছাইয়ের’ কথা বলা হয়েছিল। সেই প্রসঙ্গের সঙ্গে পূর্তদপ্তরের এই তথ্য তলবের নির্দেশকে যুক্ত করে গভীর জল্পনা শুরু হয়েছে নবান্নের অন্দরে। তবে সরকারি নিয়ম অনুযায়ী নাগরিকত্ব বা ট্রাইবুনালে আবেদনকারীদের সুবিধা পাওয়ার কথা থাকলেও, চলমান জটিলতা নিয়ে কর্মীদের উদ্বেগ কাটছে না। আশঙ্কার এই দোলাচলের মধ্যেও অবশ্য সোমবার দপ্তরে যথারীতি কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মীরা।