ভাতার টাকা পাচ্ছেন না কেন সাধারণ মানুষ? তিন মাসেই চরম জনরোষের মুখে রাজ্য সরকার!

বার্তা ডেস্কঃ

সরকার গঠনের তিন মাসের মধ্যেই বার্ধক্য, বিধবা ও অন্নপূর্ণা যোজনার ভাতা নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে। নির্দিষ্ট দিনে প্রাপকদের অ্যাকাউন্টে অনুদানের টাকা না পৌঁছানোয় রাজ্যজুড়ে ক্ষোভ বাড়ছে। প্রতিশ্রুতি মতো ভাতার পরিমাণ দেড় হাজার টাকা তো হয়নি, উলটে টাকা পাওয়ার দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জুন ও জুলাই মাসে দেরিতে টাকা মিলেছিল, আর আগস্টে এখনও অনেকেই তা পাননি। বারবার ব্যাংকে গিয়ে হতাশ হচ্ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে আমজনতার সরাসরি প্রশ্নের মুখে পড়ে রীতিমতো নাজেহাল হচ্ছেন স্থানীয় নেতারা।

জনরোষ এমন পর্যায়ে যে, বহু নেতা সাধারণের থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখছেন। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক করেছে রাজ্য বিজেপি। সেখানে দলের সঙ্গে সরকারের সমন্বয়ের অভাব নিয়ে ক্ষোভ উগরে দেন নেতারা। দ্রুত সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের দাবি, অযোগ্যদের বাদ দিয়ে স্বচ্ছ তালিকা তৈরির কাজ চলায় বিলম্ব হচ্ছে। তবে এই সিদ্ধান্তে দলের কর্মীদের যে জনরোষের মুখে পড়তে হচ্ছে, তা নিয়ে শাসকদলের অন্দরেই উদ্বেগ চরমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *