হাওড়ার ত্রাস টিপু শেষ পর্যন্ত পুলিশের জালে!

বার্তা ডেস্কঃ

হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের জালে ধরা পড়েছে উত্তর হাওড়ার অন্যতম মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতী টিপু। ভয় দেখানো, তোলাবাজি, অবৈধ প্রোমোটিং এবং অস্ত্র মজুত করার মতো একাধিক গুরুতর মামলায় রবিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। চলতি বছরের জানুয়ারি মাসে পিলখানা সেকেন্ড বাই লেনে গ্যাং ওয়ারে প্রোমোটার মহম্মদ শফিক খুন হন। ওই ঘটনায় মূল অভিযুক্ত হারুন খান ও তার সহযোগীরা গ্রেপ্তার হলেও, মৃত প্রোমোটারের অন্যতম গডফাদার হিসেবে নাম জড়ায় টিপুর। পিলখানা থেকে বেলুড় ভোটবাগান পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন দুষ্কৃতী কার্যকলাপে তার প্রত্যক্ষ যোগ ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শফিক খুনের পর থেকেই সে দীর্ঘদিন এলাকাছাড়া ছিল এবং পুলিশ তাকে খুঁজছিল।

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে পিলখানা এলাকায় টিপুর ফিরে আসার খবর পায় পুলিশ। এরপরই হাওড়া সিটি পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। সোমবার অভিযুক্তকে স্থানীয় আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই গ্রেপ্তারের ফলে হাওড়ার অপরাধ জগতের একাংশে স্বস্তি ফিরেছে এবং পুরো নেটওয়ার্কটি ভাঙতে পুলিশ এখন তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য বের করার চেষ্টা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *