শূটিংয়ের আগেই প্রজেক্ট ছাড়ার ট্রেন্ড! রণবীরকে নিয়ে বিস্ফোরক ফারহান!
বার্তা ডেস্কঃ
‘দিল চাহতা হ্যায়’ ছবির ২৫ বছর পূর্তি উপলক্ষে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফের প্রকাশ্যে এল বহুল আলোচিত ‘ডন ৩’ বিতর্ক। পরিচালক ও প্রযোজক ফারহান আখতারের সাম্প্রতিক একটি মন্তব্য ঘিরে বলিপাড়ায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। ২০০১ সালের স্মৃতিকথাচারণ করতে গিয়ে ফারহান জানান, শুটিংয়ের প্রাক্কালে তারকাদের শিডিউল পাওয়া কতটা কঠিন ছিল। সেই সময়ে শিডিউল সংক্রান্ত জটিলতার কারণে সইফ আলি খানের সিনেমা ছাড়ার পরিস্থিতি তৈরি হওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি।
এর পরই বর্তমান সময়ের প্রসঙ্গ টেনে ফারহান বিস্ফোরক মন্তব্য করে বলেন, আজকাল শুটিং শুরুর ঠিক আগের মুহূর্তে প্রজেক্ট ছেড়ে চলে যাওয়াটা যেন একটা প্যাটার্নে পরিণত হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি শিডিউল জটিলতার জেরে ‘ডন ৩’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। ফারহানের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য ও তুলনা যে সরাসরি রণবীরের দিকেই তাক করা, তা নিয়ে আর কোনো দ্বিমত নেই চলচ্চিত্র মহলের একাংশের মধ্যে।