হেমন্ত-পড়ুয়া দ্বন্দ্বে কেজরিওয়ালের অভাবনীয় সিদ্ধান্ত!
বার্তা ডেস্কঃ
ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের জেরে শুরু হওয়া ছাত্র আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ঘটনায় আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালের নীরবতা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। একদিকে দিল্লির যন্তর মন্তরে পড়ুয়াদের আন্দোলনে সোচ্চার হলেও, ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভের মুখে মুখ বন্ধ রাখেন তিনি। এমনকি সোমবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জন্মদিনে শুভেচ্ছা জানালেও আন্দোলনকারীদের ওপর পুলিশি দমনপীড়ন নিয়ে একটি শব্দও খরচ করেননি আপ প্রধান। রাজনৈতিক মহলের মতে, ঘনিষ্ঠ বন্ধু হেমন্ত সোরেনের সরকার এবং আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনের মধ্যে পড়ে ধর্মসংকটে পড়েন তিনি।
এই পরিস্থিতিতে মঙ্গলবার নীরবতা ভেঙে মধ্যবর্তী পথ বেছে নেন কেজরিওয়াল। ঝাড়খণ্ড সরকারের সরাসরি সমালোচনা এড়িয়ে তিনি জানান, প্রতিবাদী ছাত্রদের দাবি ন্যায়সঙ্গত এবং ছাত্রদের ওপর হিংসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হওয়া দুই নেতার রাজনৈতিক সখ্য দীর্ঘদিনের। তবে বন্ধুত্বের খাতিরে ছাত্র আন্দোলন নিয়ে তাঁর এই ‘ধরি মাছ না ছুঁই জল’ নীতি রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।