উত্তর ২৪ পরগনা জেলা পরিষদে নজিরবিহীন তাণ্ডব, ভাঙচুর ও নথিপত্র তছনছ!

বার্তা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ কার্যালয়ে আচমকাই হানা দিয়ে ব্যাপক ভাঙচুর চালাল ৪০ থেকে ৫০ জনের এক দল দুষ্কৃতী। ঘটনার সময় নিজের কক্ষে উপস্থিত ছিলেন না জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক নারায়ণ গোস্বামী। প্রত্যক্ষদর্শীদের মতে, দুষ্কৃতী দলটি কার্যালয়ে ঢুকে সভাধিপতির খোঁজ করতে থাকে। তিনি উপস্থিত নেই জেনেও তারা কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়ে এবং সরাসরি সভাধিপতির কক্ষে প্রবেশ করে। আলমারির পাল্লা ভেঙে শোকেসের জিনিসপত্র ও সরকারি নথি তছনছ করা হয়। কর্মীদের কাছে আলমারির চাবি চেয়েও চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে অভিযুক্তরা।

ঘটনার আকস্মিকতায় জেলা পরিষদ কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সভাধিপতির ব্যক্তিগত সহায়ক দুর্গা সেন মল্লিক ও কর্মী অসিত মজুমদার জানান, দুষ্কৃতীদের কাউকে চেনা যায়নি এবং তাদের তাণ্ডবের কারণও অস্পষ্ট। খবর পেয়ে নারায়ণ গোস্বামী জানান, কর্মীদের থেকে বিস্তারিত জেনে প্রশাসনিক আইনি পদক্ষেপ নেওয়া হবে। সম্প্রতি তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনার পর এই দুষ্কৃতী হামলার ঘটনা প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *