কলকাতা থেকে বাংলাদেশে তথ্য পাচার! আইএসআই চরের ডায়েরিতে মিলল ৬ নতুন নাম!
বার্তা ডেস্কঃ
ধৃত আইএসআই এজেন্ট রানা রউফ খালিদের ডায়েরি ও নোটবুক ঘেঁটে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ গোয়েন্দারা। সঙ্গীদের পরিচয় গোপন রাখতে মোবাইল ভেঙে গুঁড়িয়ে দিলেও রানার নোটবুক থেকে উঠে এসেছে আরও ৬ জন আন্তর্জাতিক পাক এজেন্টের নাম, যার মধ্যে ৫ জন নেপালের এবং ১ জন বাংলাদেশের বাসিন্দা। হাবড়া থেকে গ্রেফতার হওয়া এই পাক চরের কাছ থেকে ফোর্ট উইলিয়াম ও সংবেদনশীল এলাকার ছবি-ম্যাপ উদ্ধার হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কলকাতা ও সংলগ্ন সেনা ছাউনি এবং বিএসএফ ক্যাম্পের গুরুত্বপূর্ণ ছবি ও মানচিত্র অ্যাপের মাধ্যমে নেপালের ৫ চরের কাছে পাঠাত রানা। কাঠমান্ডুতে গোপন বৈঠকের পর বনগাঁ হয়ে বাংলাদেশে পাড়ি দেওয়ার এবং সেখানে পাভেলের সঙ্গে দেখা করার ছক ছিল তার। ধৃতের থেকে উদ্ধার হওয়া নথিপত্র ও সিমকার্ড খতিয়ে দেখে আন্তর্জাতিক এই চরচক্রের বিষয়ে বিদেশ মন্ত্রকের মাধ্যমে নেপাল ও বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে।