শালবনি জমি দুর্নীতিতে ফের বিপাকে সুমিত রায়!
বার্তা ডেস্কঃ
শালবনি জমি দুর্নীতি মামলায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুমিত রায়কে ফের তলব করেছে সিআইডি। বুধবার ভবানী ভবনে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সন্তোষজনক উত্তর না মেলায় এবং বেশ কিছু তথ্যের সত্যতা যাচাই করতেই তাঁকে আজ, বৃহস্পতিবার আবারও তলব করা হয়েছে। শালবনির জমি সংক্রান্ত প্রতারণা মামলায় আর্থিক লেনদেন এবং ভুয়ো নথি প্রস্তুতের ঘটনায় তাঁর ভূমিকা ঠিক কী ছিল, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এ দিন পুরো জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিও রেকর্ডিং করা হয়েছে।
গত শনিবার থেকে সুমিত রায়কে লাগাতার জিজ্ঞাসাবাদ করে চলেছে তদন্তকারী সংস্থা। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ বরাবরই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার আইনি লড়াই এখনও হাইকোর্টের বিচারাধীন। উচ্চ আদালত ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তে সহযোগিতার শর্তে তাঁর গ্রেপ্তারে সাময়িক স্থগিতাদেশ ও আগাম জামিন থাকলেও, সিআইডির এই লাগাতার তলবের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁর ঘনিষ্ঠরা।