রাষ্ট্রায়ত্ত সংস্থার আবাসন অনলাইনে বিক্রি! চাঞ্চল্যকর ঘটনায় গা ঢাকা দিল দখলদাররা
বার্তা ডেস্কঃ
ইসিএলের কর্মী-আবাসন বেআইনিভাবে দখলে রাখার পর তা অনলাইনে বিক্রি করার চেষ্টার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলে। ইসিএল সূত্রে খবর, সংস্থার সাতগ্রাম-শ্রীপুর এরিয়ার অন্তর্গত রতিবাটি গ্রুপ অফ মাইন্সের তিরাট কোলিয়ারির একটি ১৫০০ বর্গফুটের থ্রি-বিএইচকে আবাসন তিন লক্ষ ৯৯ হাজার টাকায় বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল একটি অনলাইন মার্কেট প্লেসে। বিজ্ঞাপনে ক্রেতাদের জন্য আজীবন বিনামূল্যে জল ও বিদ্যুৎ পাওয়ার প্রলোভনও দেওয়া হয়। বেআইনি এই কাজের পেছনে সুব্রত মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে, যিনি ইসিএলের কর্মী বা আধিকারিক নন।
বিষয়টি নজরে আসতেই ইসিএলের নিরাপত্তা দপ্তর ও সদর দপ্তরের টাস্ক ফোর্স দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। সিনিয়র সিকিউরিটি ইনস্পেক্টর পীযূষ সিং এবং কৌশিক চক্রবর্তী ক্রেতা সেজে ওই বাড়িতে যান, আবাসন ঘুরে দেখেন এবং সুব্রতর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা যাচাই করেন। তদন্ত শেষেই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাতে বলা হয় এবং রতিবাটি গ্রুপের চিফ ম্যানেজার রানিগঞ্জ থানার নিমচা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। পুলিশের কাছে অভিযোগের খবর পেয়েই অভিযুক্ত সুব্রত মুখোপাধ্যায় এলাকা ছেড়ে চম্পট দেন। রাষ্ট্রায়ত্ত সংস্থার সম্পত্তি এভাবে অনলাইনে বিক্রির চেষ্টার ঘটনায় হতবাক ইসিএল কর্তৃপক্ষ।