দুবার ব্যর্থতার পরেও স্বপ্নপূরণ, যেভাবে IAS হয়ে নজির গড়লেন বিশাখা!
বার্তা ডেস্কঃ
Cisco-তে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কর্মরত ছিলেন বিশাখা যাদব। ক্যারিয়ারের মসৃণ পথ ছেড়ে সিভিল সার্ভিস পরীক্ষার কঠিন লড়াইয়ে নামার সিদ্ধান্তটি ছিল বড় সাহসের। দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির প্রাক্তন এই শিক্ষার্থী পুরোদমে ইউপিএসসি প্রস্তুতির জন্য চাকরি ছাড়েন। তবে স্বপ্নের পথ প্রথমদিকে সহজ ছিল না। কোনো কোচিংয়ের সাহায্য না নিয়ে সেলফ-স্টাডির পথ বেছে নিলেও প্রথম দুটি প্রচেষ্টায় সাফল্য মেলেনি। পরপর দুবার ব্যর্থতার গ্লানি ও ভবিষ্যতের অনিশ্চয়তা তাঁকে ঘিরে ধরলেও হাল ছাড়তে রাজি ছিলেন না বিশাখা।
পরিবারের অটল সমর্থনে তিনি নতুন উদ্যমে ঘুরে দাঁড়ান। নিজের পড়ার কৌশল পর্যালোচনা করে দৈনিক রিভিশন এবং টাইম ম্যানেজমেন্টের ওপর বিশেষ জোর দেন। কঠোর অধ্যবসায়ের ফল মেলে ২০১৯ সালের সিভিল সার্ভিস পরীক্ষায়। সব বাধা কাটিয়ে অল ইন্ডিয়া র্যাঙ্কে ষষ্ঠ স্থান অধিকার করে সকলকে চমকে দেন তিনি। ২০২০ ব্যাচের এই আইএএস অফিসার বর্তমানে দিল্লির আউটার নর্থ জেলায় জেলাশাসক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ‘সুখের চাকরি’ ছেড়ে ঝুঁকি নেওয়া বিশাখার এই সাফল্যের গল্প আজ বহু প্রতিযোগীর কাছে অনুপ্রেরণা।