বঙ্গের ঘরে ঘরে থাবা বসাল মারণরোগ এইডস! বিপদের মুখে যুবসমাজ?
বার্তা ডেস্কঃ
প্রতিবছর নতুন এইচআইভি আক্রান্তের তালিকায় দেশের প্রথম পাঁচে থাকা পশ্চিমবঙ্গে বাড়ছে এই রোগের প্রকোপ। সম্প্রতি আন্তর্জাতিক যুব দিবসের এক অনুষ্ঠানে ন্যাশনাল এডস কন্ট্রোল অর্গানাইজেশন ও রাজ্য প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যৌথ আলোচনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রজন্মের বিকল্প যৌনচর্চা ও হঠকারী জীবনযাত্রার কারণে তরুণদের রক্তে হু হু করে বাড়ছে এইচআইভি সংক্রমণ। বিশেষ করে কলেজপড়ুয়া জেন-জি প্রজন্মের মধ্যে এই রোগটি ভয়াবহ রূপ ধারণ করায় চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
সংক্রমণের চিত্রে দেখা যাচ্ছে দার্জিলিং ও জলপাইগুড়ির মতো উত্তরবঙ্গের জেলাগুলোতে পজিটিভিটির হার বেশি, যার পেছনে একই সিরিঞ্জে ড্রাগ নেওয়ার প্রবণতাও দায়ী। সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. যোগীরাজ রায় জানিয়েছেন, তরুণদের মধ্যে এই ঝুঁকি মারাত্মক আকার নিচ্ছে। তবে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বঙ্গে সামগ্রিক আক্রান্তের সংখ্যা কম থাকার পেছনে রেড লাইট এলাকায় কন্ডোম ব্যবহারের কঠোর নীতি বড় ভূমিকা রেখেছে। আক্রান্তদের আইনি জটিলতা ও সামাজিক সমস্যা এড়াতে অবিলম্বে ব্যাপক সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।