চ্যাটজিপিটির ফাঁদে নৃশংস হত্যাকাণ্ড, সিনেমার কায়দায় প্রাণ গেল মা ও ভাইয়ের!
বার্তা ডেস্কঃ
আমেরিকার ম্যাসাচুসেটসে এক ভারতীয় বংশোদ্ভূত ১৭ বছরের কিশোর অর্জুন অরবিন্দের বিরুদ্ধে নিজের মা সুধা ভেঙ্কটেশন ও ১৪ বছরের ভাই সিদ্ধার্থ অরবিন্দকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় অর্জুনের বাবা তার স্ত্রীকে একাধিকবার ফোন করে না পেয়ে গৃহশিক্ষককে বাড়িতে পাঠান। গৃহশিক্ষকও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দিলে তদন্তকারীরা দরজা ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করেন। হত্যাকাণ্ডের পর থেকেই নিখোঁজ থাকা অর্জুন তার মায়ের গাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিশ বুধবার ভোরে ওয়েল্যান্ড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
তদন্তে নেমে অর্জুনের মোবাইলের ‘সার্চ হিস্ট্রি’ দেখে হতবাক হয়ে যান পুলিশ কর্মকর্তারা। জানা গেছে, মর্মান্তিক এই অপরাধ সংঘটিত করার আগে সে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি চ্যাটজিপিটিতে বিভিন্ন প্রশ্ন অনুসন্ধান করেছিল। সে সেখানে সিনেমার কায়দায় খুনের পদ্ধতি এবং সিনেমার মতো গল্প বানানোর উপায় সম্পর্কে নানা পরামর্শ নিয়েছিল। ঠিক কী কারণে সে এমন ভয়াবহ কাণ্ড ঘটাল, তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে।