বাঁকুড়ায় দুর্নীতির বিরুদ্ধে চূড়ান্ত হুঁশিয়ারি!

বার্তা ডেস্কঃ

বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের রুদ্ধদ্বার বৈঠকে একই প্রকল্পের জন্য পৃথক সুপারিশ পাঠানোর প্রবণতা কঠোরভাবে আটকাতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, কোনো দপ্তর একটি প্রকল্প নেওয়ার পর অন্য কোনো দপ্তর যেন একই কাজের প্রস্তাব পুনরায় রাজ্যের কাছে না পাঠায়। মূলত একই কাজে দু’বার টাকা বরাদ্দ করিয়ে দুর্নীতির যে রাস্তা খোলা হয়, তা চিরতরে বন্ধ করতেই এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে বিধায়কসহ সমস্ত জনপ্রতিনিধিদের থেকে কেন্দ্রীয়ভাবে প্রকল্পের প্রস্তাব সংগ্রহ করা হবে এবং লাইন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে দ্বিত্ব ঠেকানো নিশ্চিত করা হবে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের এই বৈঠকে উন্নয়নমূলক নানা কাজের পাশাপাশি প্রতিটি ব্লকে অন্তত ১০টি করে নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে এতদিন ধরে ভাড়াবাড়িতে চলা কেন্দ্রগুলি খুব শীঘ্রই নিজেদের পাকা ভবনে স্থানান্তরিত হতে চলেছে। পাশাপাশি, মুকুটমণিপুরে একটি নতুন ‘মিনি জু’ বা মিনি চিড়িয়াখানা তৈরির কাজ দ্রুত শুরু করার বিষয়েও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এই নির্দেশ পাওয়ার পর ইতিমধ্যেই বনদপ্তরের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে জেলা প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *