নিয়োগ দুর্নীতিতে সুজিতের বিপুল টাকার হদিশ, ইডির দাবিতে শোরগোল!

বার্তা ডেস্কঃ

কলকাতা হাই কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিন মামলার শুনানিতে বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ইডির আইনজীবী অভিযোগ করেন, পুরসভা নিয়োগের এই বড় কেলেঙ্কারিতে সুজিতের নির্দেশে বেআইনিভাবে নিয়োগ চালানো হয়। ৩৪০ জনের সুপারিশ তালিকার মধ্যে ২৮৬ জন অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া হয় এবং প্রতি প্রার্থীর থেকে ৬ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। শুধুমাত্র দক্ষিণ দমদম পুরসভাতেই ২৮৪টি বেআইনি নিয়োগের তথ্য সামনে এসেছে। ইডির দাবি, সুজিতের কাছে প্রায় ৮.৮ কোটি টাকার সন্ধান মিলেছে এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টেও কোটি কোটি টাকা জমা হয়েছে।

তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, অয়ন শীলের বয়ানের ভিত্তিতেই এই বেআইনি সুপারিশ ও টাকার লেনদেনের বিষয়টি সামনে আসে। নির্বাচনী ব্যস্ততার অজুহাতে প্রাথমিক হাজিরা এড়ালেও ভোট মেটার পর গত ১ মে ইডির মুখোমুখি হন সুজিত বসু। পরবর্তীতে গত ১২ মে তাঁকে আটক ও আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার করা হয়। ইডি স্পষ্ট জানিয়েছে যে এই দুর্নীতির মামলার তদন্ত এখনও অব্যাহত রয়েছে। হাই কোর্টে সুজিতের জেলে রেখে জিজ্ঞাসাবাদের বিষয়ে প্রশ্নের জবাবে তদন্তের স্বার্থ তুলে ধরে ইডি। এই আলোচিত জামিন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৭ আগস্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *