এনআরএস হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, শৌচালয় থেকে উদ্ধার দেহ!
বার্তা ডেস্কঃ
কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ (এনআরএস) হাসপাতালে কর্মরত অবস্থায় এক ৩০ বছর বয়সী নার্সের রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত নার্স কলকাতার দমদমের বাসিন্দা ছিলেন। বুধবার রাত ৮টায় হাসপাতালের স্ত্রী রোগ বিভাগের এইচডিইউতে (HDU) তিনি নৈশ ডিউটিতে যোগ দেন। রাত ১০টা ২০ মিনিট নাগাদ তিনি বিভাগের শৌচাগারে যান। দীর্ঘক্ষণ পার হলেও তিনি বাইরে না আসায় সহকর্মীদের সন্দেহ হয়। শৌচালয়ের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় এবং বারবার ডেকেও কোনো সাড়াশব্দ না পাওয়ায়, শেষমেশ হাসপাতালের দুই কর্মী দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং ওই নার্সকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তৎক্ষণাৎ উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। খবর পেয়ে এন্টালি থানা ও লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন মেলেনি এবং শৌচাগার থেকে কোনো সুইসাইড নোটও উদ্ধার হয়নি। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হাসপাতালে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা।