বৃষ্টির রাতে স্ত্রীকে খুন করে উধাও স্বামী, এলাকা জুড়ে চরম আতঙ্ক!

বার্তা ডেস্কঃ

বুধবার গভীর রাতে বৃষ্টির মধ্যেই দমদমের দক্ষিণ সুভাষ নগর এলাকায় ঘটে গেল এক লোমহর্ষক হত্যাকাণ্ড। ভাড়াবাড়িতে স্ত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম জয়া প্রামাণিক এবং অভিযুক্ত স্বামী সজল প্রামাণিক ঘটনার পর থেকেই পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দেড় বছর ধরে ওই দম্পতি এই এলাকায় ভাড়া থাকতেন এবং তাদের একটি দেড় বছরের শিশুপুত্র রয়েছে। প্রথম থেকেই তাদের মধ্যে নিয়মিত অশান্তি লেগেই থাকত বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

বুধবার রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমদম থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। ঠিক কী কারণে এই জঘন্য হত্যাকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। আকস্মিক এই ঘটনায় শোকে ও আতঙ্কে স্তব্ধ এলাকাবাসী অবিলম্বে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *