২৪ ঘণ্টার মধ্যে ফের রং বদল অ্যাকাডেমিতে, রুদ্রনীলের উপস্থিতি নিয়ে তুঙ্গে জল্পনা!

বার্তা ডেস্কঃ

কলকাতার রবীন্দ্র সদন চত্বরের ঐতিহ্যবাহী ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর রং বদল ঘিরে রাজ্য রাজনীতি ও সাংস্কৃতিক মহলে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত জুলাইয়ের শুরুতে, যখন অ্যাকাডেমির টিকিট কাউন্টারটি আচমকাই গেরুয়া রং করে দেওয়া হয়। সাংস্কৃতিক নিরপেক্ষতা বজায় রাখার দাবিতে নাট্যকর্মী ও শিল্পীদের একাংশ প্রতিবাদ জানান এবং প্রশাসনের উদ্যোগ না পেয়ে গত মঙ্গলবার নিজেরা উদ্যোগী হয়ে তা মুছে সাদা করে দেন। কিন্তু বিতর্ক এখানেই থামেনি; বুধবার বিকেলে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ অ্যাকাডেমিতে পৌঁছন এবং ফের ওই স্থানে গেরুয়া রঙের প্রলেপ দেওয়া হয়। নাট্যকর্মীরা এই ঘটনাকে সাংস্কৃতিক পরিসরে রাজনৈতিক হস্তক্ষেপ বলে তোপ দাগলে, রুদ্রনীল ঘোষ দাবি করেন যে পুরোনো রং ফিরিয়ে আনা হয়েছে এবং বিরোধীরা এটি নিয়ে মিথ্যচার ও রাজনীতিকরণ করছে।

১৯৩৩ সালে লেডি রানু মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, নন্দলাল বসুর মতো দিকপালদের স্মারক বহনকারী বাংলার অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র। বারবার রং পরিবর্তন ও রাজনৈতিক টানাপোড়েনে শিল্পীদের একাংশ চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। অন্যদিকে, এ ধরনের কর্মকাণ্ড থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছে বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য পূর্বে এই ঘটনাকে অনভিপ্রেত বলে নিন্দা জানান। পাশাপাশি দলের অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থী এই অননুমোদিত রঙ করার পেছনে দায়ীদের চিহ্নিত করার আহ্বান জানানো হয়েছে। এই রাজনৈতিক রূপদান ও বিতর্কের মাঝে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা রক্ষা পাওয়া নিয়ে চিন্তিত বাংলার নাট্য ও শিল্প জগত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *