স্বাধীনতা দিবসে বিশেষ চমক, লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার অতিথি!
বার্তা ডেস্কঃ
এই বছর স্বাধীনতা দিবস উদযাপনে দেশজুড়ে থাকছে বিশেষ চমক। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি রাজ্যকে অন্য পাঁচটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে হবে। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির আওতায় রাজ্যগুলোতে আয়োজিত হবে সাংস্কৃতিক ও খাবারের উৎসব। নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্য, জেলা, মহকুমা এবং গ্রাম পঞ্চায়েত স্তরে সুনির্দিষ্ট নিয়ম মেনে পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি দেশবাসীর মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে সারা দেশের ৩৪৩টি গুরুত্বপূর্ণ স্থানে ব্যান্ড পারফরম্যান্সের পরিকল্পনা নেওয়া হয়েছে।
উৎসবের পাশাপাশি এবার জোর দেওয়া হচ্ছে ‘স্বচ্ছ ভারত’ অভিযানের ওপর। এক মাস ধরে স্কুল পড়ুয়া, এনসিসি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সঙ্গে নিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান চলবে। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় রাজ্যপালের বাসভবনে আয়োজিত ‘অ্যাট হোম’ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় বিশেষ গুরুত্ব পাচ্ছেন পদ্ম পুরস্কারপ্রাপ্ত, অ্যাথলিট, স্বাস্থ্যকর্মী, স্বচ্ছতাকর্মী ও শহিদ পরিবারের সদস্যরা। সব মিলিয়ে এবার স্বাধীনতা দিবসের আয়োজনে দেশাত্মবোধ ও জাতীয় ঐক্যের বার্তা ফুটে উঠবে বলে মনে করছে প্রশাসন।