ভাতার দাবিতে উত্তাল পুরসভা, বঞ্চনার শিকার কি অসহায় বয়স্করা?
বার্তা ডেস্কঃ
পুরাতন মালদহ পুরসভা এলাকায় পাঁচশো জনের বেশি মানুষ দীর্ঘদিন ধরে বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতা না পাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিদিন বয়স্ক মানুষরা পুরসভায় এসে ভাতা কবে মিলবে, তার খোঁজ নিলেও সঠিক উত্তর দিতে পারছেন না কর্মী ও আধিকারিকরা। ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজনন্দিনী সরকার জানান, এক বছরের বেশি সময় ধরে তাঁর ভাতা বন্ধ রয়েছে এবং জনপ্রতিনিধিদের কাছে গিয়েও কোনো সুরাহা মেলেনি। এই সমস্যা শুধু একা তাঁর নয়, শহরের বহু মানুষই এই দুর্ভোগের শিকার।
পরিস্থিতি সামাল দিতে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহ থেকেই শহরের ২০টি ওয়ার্ডে বাড়ি বাড়ি সার্ভে শুরু হবে এবং ভাতার বিষয়টি ওপরমহলে জানানো হয়েছে। ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বজিৎ হালদার ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শত্রুঘ্ন সিনহাও জানিয়েছেন যে তাঁদের ওয়ার্ডেও বহু মানুষ ভাতা না পেয়ে নিয়মিত খোঁজ নিচ্ছেন। পুরসভা কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেও নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ জানাতে পারেননি।