স্বাধীনতা দিবসের আগে বড়সড় সাফল্য, রানা ও ইজাজকে জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য!

বার্তা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের প্রাক্কালে উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ওয়াহাব আলম ওরফে রানা রউফকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। রানাকে জেরা করে তাঁর সহযোগী ইজাজকেও পাকড়াও করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, নেপালের কাঠমান্ডু থেকে বিহারের রক্সৌল হয়ে কলকাতায় এসেছিলেন রানা। গ্রেফতারের সময় তিনি ভুয়া পরিচয়পত্র ব্যবহার করলেও তাঁর পাকিস্তানি পাসপোর্ট নম্বর হাতে আসার পরই আসল পরিচয় প্রকাশ পায়। রানার নোটবুক থেকে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের একাধিক ফোন নম্বর উদ্ধার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আইএসআই-এর সঙ্গে জড়িত বহু চরের নাম ও ‘জেডি’ নামের এক ব্যক্তির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা।

তপসিয়ার বাসিন্দা ইজাজ গত ২০ থেকে ২৫ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন এবং প্রতিবেশীদের কাছে তিনি অত্যন্ত ভদ্র হিসেবে পরিচিত ছিলেন। ইজাজ তপসিয়ায় জুতো তৈরির কাজ করতেন বলে তাঁর পরিবার দাবি করেছে। তবে ইজাজের কাঠমান্ডুতে নিয়মিত যাতায়াত ছিল বলে তথ্য মিলেছে, যা তাঁর মেয়েও স্বীকার করেছেন। পরিবারের পক্ষ থেকে ইজাজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হলেও, ধৃতদের জেরা করে নাশকতা বা অন্য কোনো বড় পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *