বাবার কথাতেই কি মুখে কুলুপ এঁটেছিলেন সোনু নিগম? সামনে এল আসল সত্যি!
বার্তা ডেস্কঃ 
দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের জেরে যখন উত্তাল রাজনৈতিক ও বিনোদন মহল, ঠিক তখনই সেই বিতর্ক থেকে সচেতনভাবেই দূরে ছিলেন প্রখ্যাত গায়ক সোনু নিগম। প্রতিবাদীদের প্রশ্নের মুখে তাঁর বিরক্তি প্রকাশ ও নীরবতা ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল তীব্র সমালোচনা। দীর্ঘ নীরবতা ভেঙে এবার সেই বিতর্কের স্পষ্ট জবাব দিলেন গায়ক। সোনু জানান, তিনি তাঁর বাবাকে কথা দিয়েছিলেন যে বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান বা স্পষ্ট ধারণা নেই, সেই বিষয়ে তিনি জনসমক্ষে কোনো মন্তব্য করবেন না।
সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট না থাকা সোনু মনে করেন, অতীতে বিভিন্ন বিষয়ে কথা বলেও বিশেষ লাভ হয়নি। তাই এবার তিনি দেখতে চান অন্যরা কথা বলে কতটা পরিবর্তন আনতে পারেন। এর পাশাপাশি, সম্প্রতি তাঁর একটি অস্ত্রোপচারের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে অপারেশন থিয়েটারে গান গাইতে দেখা গিয়েছে। যদিও এই অস্ত্রোপচারের নেপথ্যের সঠিক কারণ এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি গায়ক।