রাজ্যে ধর্মান্তর বিরোধী আইন ও UCC! জমি বেচাকেনায় বড় বদল আনলেন শুভেন্দু?
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে বড়সড় সামাজিক, আইনি ও প্রশাসনিক পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের পর্যালোচনা বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, জোরপূর্বক ধর্মান্তর রোধে খুব শীঘ্রই রাজ্য সরকার কঠোর আইন আনতে চলেছে। পাশাপাশি, জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নতুন নিয়ম জারি এবং শীঘ্রই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালুর কথা ঘোষণা করেন তিনি। ‘এক দেশ, এক আইন’ নীতির বাস্তবায়নেই এই মেগা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।
জমি সংক্রান্ত প্রস্তাবিত আইনে ঠিক কী বিধিনিষেধ থাকছে তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। তবে বিজেপি দীর্ঘদিন ধরেই ‘ভূমি জিহাদ’ ও বেআইনি ধর্মান্তরের বিরুদ্ধে সুর চড়িয়ে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্ত এলাকাগুলিতে অবৈধ অনুপ্রবেশ এবং জনমিতি (Demographics) পরিবর্তনের যে অভিযোগ এতদিন তোলা হচ্ছিল, এবার সরকার সরাসরি নীতি প্রণয়নের মাধ্যমে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে।
মঙ্গলবার প্রায় ৭৫ জন প্রশাসনিক কর্মকর্তা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কের উপস্থিতিতে ওই বৈঠকে জঙ্গলমহল ও বাঁকুড়ার মতো জেলাগুলিতে বিদেশি অর্থে পরিচালিত কিছু সংস্থার মাধ্যমে দরিদ্র মানুষকে প্রভাবিত করা, বেআইনি ধর্মান্তর ও উগ্রপন্থী তৎপরতার অভিযোগ তোলা হয়।
বৈঠকে শুভেন্দু অধিকারী উল্লেখ করেন যে, ইতিমধ্যেই সীমান্ত এলাকায় বিএসএফ (BSF)-কে জমি হস্তান্তর, বেআইনি OBC তালিকা বাতিল, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বন্ধ এবং মহরমে অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন ধর্মান্তর রোদ ও জমি লেনদেনে কড়াকড়ি করাই সরকারের প্রধান লক্ষ্য।
একই সাথে রাজ্যে UCC বা অভিন্ন দেওয়ানি বিধি চালুর জোর প্রস্তুতি চলছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে গঠিত চার সদস্যের বিশেষ কমিটি ইতিমধ্যে খসড়া পর্যালোচনার কাজ করছে। আগামী আগস্ট মাসের বাজেট অধিবেশনেই বিধানসভায় UCC বিল পেশ ও পাস হতে পারে। এটি বাস্তবায়িত হলে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ধর্মভিত্তিক ব্যক্তিগত আইনের জায়গায় একটি অভিন্ন দেওয়ানি আইন কার্যকর হবে এবং পশ্চিমবঙ্গ দেশের চতুর্থ রাজ্য হিসেবে এই তালিকায় যুক্ত হবে।