চাকরি গেছে তো কী হয়েছে! রূপঙ্করের সঙ্গে এবার মঞ্চ মাতাবেন ভাইরাল সেই ‘গানওয়ালা’!

বার্তা ডেস্কঃ

নিরাপত্তারক্ষীর পোশাকে রবীন্দ্রসঙ্গীত গেয়ে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হওয়া শোভন চক্রবর্তী এবার এক দারুণ সুযোগ পেতে চলেছেন। গানের জাদুতে মুগ্ধ করে সকলের মন জয় করলেও, গান গাওয়ার অপরাধে তাঁকে চাকরি হারাতে হয়েছিল। অভাবের তাড়নায় জীবনের পথ কঠিন হলেও থেমে থাকেনি তাঁর সুরের সাধনা। আর সেই প্রতিভাকে সম্মান জানাতেই এবার আসরে নামলেন বিশিষ্ট ব্যক্তিরা। আগামী অক্টোবর মাসে কলকাতার কলামন্দিরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে খ্যাতনামা সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর সঙ্গে একমঞ্চে গান গাইবেন শোভন।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বেঙ্গল ওয়েব সলিউশন এবং মেট্রো ফার্মা এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছে। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এই কনসার্টের টিকিট কাটা যাবে এবং অনুষ্ঠান বাবদ সমস্ত খরচ বাদ দিয়ে উপার্জিত সম্পূর্ণ অর্থ তুলে দেওয়া হবে শোভনের হাতে। শৈশবে রবীন্দ্রসঙ্গীতে হাতেখড়ি হওয়া এবং শান্তিনিকেতনের সঙ্গীত ভবনে পড়াশোনা করা শোভনের এই ঘুরে দাঁড়ানোর লড়াই এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। জীবনের কঠিন এই লড়াইয়ের মাঝে সঙ্গীতপ্রেমীদের এমন ভালোবাসা তাঁর জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *