দিঘার সমুদ্রে ভেসে এল রহস্যময় বস্তু! হইচই পর্যটকদের মধ্যে
বার্তা ডেস্কঃ
দিঘার সমুদ্রসৈকতে উজ্জ্বল লাল রঙের এক বিরাটাকার বস্তুকে কেন্দ্র করে পর্যটক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। অদ্ভুত আকৃতির এই বস্তুটির নিচের অংশ মোটা এবং ওপরের দিকে লম্বা লোহার রড নির্গত। গত ১২ আগস্ট রাতে মোহনা এলাকায় মৎস্যজীবীদের নজরে এটি প্রথম আসে। বস্তুটি আসলে একটি ‘সামুদ্রিক বয়া’, যা সামুদ্রিক জাহাজ ও ট্রলারকে নৌপথের নিরাপত্তা, জলপথের গভীরতা এবং চরের অবস্থান চিহ্নিত করতে সংকেত দেয়। সাধারণ মানুষের বিষয়টি অচেনা হওয়ায় সৈকতে ব্যাপক কৌতুহল তৈরি হয় এবং খবর ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে সকলকে আশ্বস্ত করা হয়।
প্রাথমিক ধারণানুযায়ী, সমুদ্রের তীব্র ঢেউ কিংবা জোয়ার-ভাটার স্রোতে বয়াটি নিজের নির্ধারিত অবস্থান থেকে বিচ্যুত হয়ে দিঘা মোহনায় চলে এসেছে। নিজ স্থান থেকে এটি সরে যাওয়ার ফলে সমুদ্রে চলাচলকারী ট্রলার ও অন্যান্য জলযানের সংকেত পেতে এবং দিকনির্ণয়ে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নৌপথের এই সম্ভাব্য ঝুঁকি ও বিপর্যয় এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে বয়াটিকে দ্রুত চিহ্নিত করে তার পূর্বের নির্দিষ্ট স্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার দ্রুত ব্যবস্থা করা হচ্ছে।