প্যাকেটজাত খাবারে বাধ্যতামূলক সতর্কবার্তা, কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের!
বার্তা ডেস্কঃ
বাজারে বিক্রি হওয়া প্যাকেটজাত খাদ্যপণ্যে অতিরিক্ত চিনি, নুন ও চর্বির ক্ষতিকর মাত্রা নিয়ে কেন্দ্রকে কড়া ভাষায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ কেন্দ্রীয় সরকার ও খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে। আদালত স্পষ্ট ভাষায় প্রশ্ন তুলেছে, শিশুদের ভবিষ্যৎ বিপন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বড় কোনো কর্পোরেট সংস্থার চাপে রয়েছে? প্যাকেটজাত খাবারে বাধ্যতামূলক সতর্কীকরণ লেবেল লাগানোর বিষয়ে সরকারের এই দীর্ঘসূত্রিতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
এই জনস্বার্থ মামলার শুনানিতে শিল্প মহলের আপত্তি খারিজ করে আদালত সরকারকে মাত্র দুই সপ্তাহের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে। বিচারপতির বেঞ্চ সাফ জানিয়েছে, সরকার নিজে থেকে দ্রুত পদক্ষেপ না নিলে আদালত বাধ্য হয়ে নিজেই আদেশ জারি করবে। শুনানি শেষে পরবর্তী রায়ের কড়া সতর্কবার্তাও দেওয়া হয়েছে কেন্দ্রের উদ্দেশে। প্যাকড ফুডের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবার প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে দেশের শীর্ষ আদালত।