অ্যাপ ক্যাবের অতিরিক্ত ভাড়া নিয়ে চালকদের দৌরাত্ম্য রুখতে এবার কড়া পদক্ষেপ কেন্দ্রের!
বার্তা ডেস্কঃ
গাড়ি বুক করার আগে চালকদের বাড়তি টিপস দেওয়ার প্রবণতা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করছিলেন নিত্যযাত্রীরা। উবের ও র্যাপিডোর মতো জনপ্রিয় অ্যাপ ক্যাবগুলিতে অগ্রিম টিপস দেওয়ার অপশন থাকায় এই সমস্যা চরমে পৌঁছায়। কাঙ্ক্ষিত রাইড পেতে বাধ্য হয়েই অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে সাধারণ মানুষকে। চালকদের এই স্বেচ্ছাচারিতা থামাতে এবার আসরে নামল কেন্দ্র। সড়ক পরিবহণ মন্ত্রক ও ক্রেতাসুরক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্রিম টিপস নেওয়ার এই ব্যবস্থা সম্পূর্ণ নিয়মবিরুদ্ধ এবং গ্রাহকদের স্বার্থের পরিপন্থী।
কেন্দ্রের নতুন নির্দেশিকা অনুযায়ী, গাড়ি বুক হওয়ার আগে আর কোনো টিপসের অপশন রাখা যাবে না। টিপস দিতে হলে তা যাত্রা সম্পূর্ণ হওয়ার পরেই কেবল দেওয়া যাবে। বুকিংয়ের জন্য বাড়তি টাকার প্রলোভন বা চালকদের দ্রুত বুকিং কনফার্ম করার বার্তা দেওয়া থেকে অ্যাপ সংস্থাগুলিকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে একাধিকবার নোটিস পাঠানো হলেও এই প্রথা বন্ধ না হওয়ায় এবার কঠোর পদক্ষেপ করা হলো। যদিও এই নিয়মের জেরে চালকদের বুকিং বাতিলের প্রবণতা বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।