বিধানসভা অভিযানে লঙ্কাকাণ্ড! ৬০০ জনের বিরুদ্ধে মামলা হতেই অনশনের চরম হুঁশিয়ারি প্রাক্তন মুখ্যমন্ত্রীর
বার্তা ডেস্কঃ
ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগে দুর্নীতির অভিযোগে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন ও স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার অনিয়মের প্রতিবাদে তরুণ প্রজন্মের টানা ২০ দিনের আন্দোলনের মাঝে সম্প্রতি বিধানসভা অভিযানে চরম উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। ওই ঘটনার জেরে পুলিশ ১০০ জনের নামসহ মোট ৬০০ জন আন্দোলনকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এবং ৫০০ জনকে আটক করেছে। স্বচ্ছ পরীক্ষা ও নিরপেক্ষ তদন্তের দাবিতে বিক্ষোভকারীরা এখনও নিজেদের অবস্থানে অনড়।
এই ঘটনার পর থেকে হেমন্ত সোরেন সরকারের ওপর রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে। এক সপ্তাহের মধ্যে সিবিআই তদন্তের নির্দেশ না দেওয়া হলে অনশনের হুমকি দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তিনি ২০২৪ সালের আবগারি কনস্টেবল পরীক্ষায় মারা যাওয়া ১৯ জনের পরিবারকে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের দাবিও করেছেন। এদিকে, আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের সমালোচনা করেছেন রাহুল গান্ধী। পাশাপাশি, বিজেপি রাজ্যজুড়ে বনধের ডাক দেওয়ার পাশাপাশি ১,২০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।