মাত্র ২ ঘণ্টায় মুম্বই থেকে আহমেদাবাদ! কবে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন?
বার্তা ডেস্কঃ
ভারতে বুলেট ট্রেন চালুর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ১৫ আগস্ট থেকেই দেশের ট্র্যাকে ছুটবে প্রথম বুলেট ট্রেন। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও শেয়ার করে প্রকল্পের দ্রুত অগ্রগতির কথা জানান। মহারাষ্ট্র, গুজরাট এবং দাদরা ও নগর হাভেলির উপর দিয়ে যাওয়া ৫০৮ কিলোমিটার দীর্ঘ মুম্বই-আহমেদাবাদ রুটে ট্রেনটি চলাচল করবে। বর্তমানে ট্র্যাক বিদ্যুতায়ন ও ২২ হাজার ওভারহেড মাস্ট বসানোর কাজ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলেছে বলে রেলমন্ত্রী নিশ্চিত করেছেন।
অত্যাধুনিক প্রযুক্তির এই বুলেট ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৩২০ কিলোমিটার। এর ফলে মুম্বই থেকে আহমেদাবাদ পৌঁছাতে বর্তমানের ৬ ঘণ্টার বদলে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা। যাত্রীদের সুবিধার্থে এই দীর্ঘ রুটে মোট ১২টি স্টেশন নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে মুম্বই (বিকেসি), থানে, সুরাট, ভাদোদরা এবং আহমেদাবাদ অন্যতম। রেলের এই মেগা প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে এবং যাত্রীদের যাতায়াত আরও দ্রুত ও আরামদায়ক হবে।