আসন্ন জনগণনায় ৪০টি প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে, জানুন বিস্তারিত!
বার্তা ডেস্কঃ
ষোড়শ জনগণনার দ্বিতীয় পর্যায়ে প্রতিটি পরিবারকে এবার ৩৩টির বদলে মোট ৪০টি প্রশ্নের উত্তর দিতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতের রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণের জারি করা নতুন বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তথ্য সংগ্রহ বা এনুমারেশন পর্বে এবার ধর্মীয় ও জাতিগত পরিচয়ের পাশাপাশি কোভিড টিকা নেওয়া সংক্রান্ত তথ্যও নথিভুক্ত করা হবে। লাদাখ, জম্মু-কাশ্মীর, হিমাচল ও উত্তরাখণ্ডের তুষারাবৃত অঞ্চলে আগামী ১ থেকে ৩০ সেপ্টেম্বর এবং দেশের অন্যান্য প্রান্তে আগামী বছরের ফেব্রুয়ারিতে এই মূল পর্ব সম্পন্ন হবে। এর আগে ১৭ থেকে ৩১ অগস্ট পর্যন্ত নাগরিকদের জন্য ‘স্ব-শুমারি’-র (সেল্ফ এনুমারেশন) সুবিধাও দেওয়া হচ্ছে।
জনগণনার প্রথম পর্যায়ে মূলত বাড়ির অবস্থা, ঘরের কাঠামো, শৌচাগার, জল, বিদ্যুৎ ও জ্বালানির সুবিধা এবং সাইকেল, বাইক, মোবাইল বা ইন্টারনেটের মতো সম্পদের বিবরণ নেওয়া হবে। এর পাশাপাশি পরিবারের সদস্য সংখ্যা, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, খাদ্যশস্যের ধরন এবং তথ্য নিশ্চিতকরণে আধার, পাসপোর্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সংগৃহীত হচ্ছে। অন্যদিকে, দ্বিতীয় পর্যায়ের মূল লক্ষ্য থাকবে জাতিগত পরিচয়, ধর্ম, সংস্কৃতি ও কোভিড টিকাকরণের তথ্য সংগ্রহ করা। উল্লেখ্য, প্রক্রিয়াটিতে জাতি গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তটি আগেই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটিতে নেওয়া হয়েছিল।