৮০তম স্বাধীনতা দিবস: ভাষণের আগেই রাষ্ট্রপতির বার্তায় তোলপাড়!
বার্তা ডেস্কঃ
দেশের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইতিহাসে এই প্রথমবার রাষ্ট্রপতির ভাষণের ঠিক আগে বাজে ‘বন্দে মাতরম’ এবং পরবর্তীতে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। নিজের বক্তব্যে স্বাধীনতার প্রকৃত অর্থ ব্যাখ্যা করে রাষ্ট্রপতি দেশগঠনে প্রতিটি নাগরিক, বিশেষত জওয়ান, শিক্ষক, কৃষক ও বিজ্ঞানীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’-এর কথা উল্লেখ করে দেশভাগের যন্ত্রণাদায়ক ইতিহাস এবং গণতান্ত্রিক সংবিধানে সাধারণ মানুষের ভূমিকার বিষয়টিও স্মরণ করিয়ে দেন তিনি।
দেশের সামাজিক ও অর্থনৈতিক সাফল্যের চিত্র তুলে ধরে রাষ্ট্রপতি জানান, নারী শিক্ষায় যেমন নতুন নজির গড়া সম্ভব হয়েছে, তেমনই দেশে ২৫ কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যসীমার উপরে তুলে আনা গিয়েছে। তিনি উল্লেখ করেন যে, ৮০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে ৬০ কোটি মানুষকে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। এছাড়া কিষান সম্মান নিধি ও কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি ও আনুষঙ্গিক খাতের উন্নয়নের কথাও জানান তিনি।