বনগাঁয় বড় সাফল্য, সীমান্তে অস্ত্র পাচারের ছক ভেস্তে দিয়ে গ্রেফতার আন্তর্জাতিক চক্রের দুই পান্ডা!

বার্তা ডেস্কঃ

সীমান্ত শহর বনগাঁয় নিরাপত্তা জোরদার হতেই পুলিশের জালে ধরা পড়ল দুই অস্ত্র পাচারকারী। ধৃতদের নাম শহিদুল মণ্ডল ও অনুপ খান। সম্প্রতি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে নাইন এমএম পিস্তল এবং দুটি ম্যাগাজিনসহ এদের হাতেনাতে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তদের বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচারের গোপন পরিকল্পনা ছিল। তবে ওপারে অস্ত্র পৌঁছানোর আগেই পুলিশের সময়োপযোগী পদক্ষেপে ভেস্তে যায় সেই ছক। বর্তমানে এই চক্রের শিকড় কতদূর তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

তদন্তকারীদের মতে, শহিদুল অস্ত্র সংগ্রহ করে গোপন আস্তানায় মজুত রাখত এবং অনুপ বাংলাদেশসহ নানা এলাকার অপরাধীদের কাছে তা বিক্রি করত। এমনকি পেট্রাপোল বন্দরের ব্যবসার আড়ালে হোয়াটসঅ্যাপ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশি দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রেখে এই কারবার পরিচালিত হতো। পূর্বেও একাধিকবার অস্ত্র পাচারের অভিযোগে অনুপ গ্রেফতার হলেও জামিনে ফিরে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়। সীমান্ত পেরিয়ে টাকা লেনদেন ও অস্ত্র সরবরাহের এই জটিল চক্রটি উন্মোচনে এখন তৎপর তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *