মাঝরাতে অটো চালিয়ে জীবন বাঁচান ইনি, ভদোদরার এই ‘শেরনি’কে কুর্নিশ!

বার্তা ডেস্কঃ

রাতের অন্ধকার মানেই যেখানে নিরাপত্তার প্রশ্ন, সেখানে ভদোদরার এক সাহসী তরুণী রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। শুধু নিজের পায়ে দাঁড়ানোই নয়, পুরুষতান্ত্রিক সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি এক অনন্য নজির গড়েছেন। গভীর রাতে কোনো অসুস্থ মানুষ সহায় সম্বলহীন হয়ে পড়লে, তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেন এই লড়াকু নারী। তাঁর এই নিঃস্বার্থ মানবিক কাজের কথা ইনস্টাগ্রামের মাধ্যমে প্রথম প্রকাশ্যে আনেন সন্যাম গর্গ নামের এক ব্যক্তি, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।

এই ব্যতিক্রমী যাত্রায় তরুণীর পাশে রয়েছেন তাঁর স্বামী। জানা গিয়েছে, স্বামীই তাঁকে অটোরিকশা চালানো শিখিয়েছেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে উৎসাহিত করেছেন। কেবল নিজে অটো চালানোই নয়, ভদোদরার এই ‘শেরনি’ ইতিমধ্যেই প্রায় ৫০ জন নারীকে অটোরিকশা চালাতে উৎসাহিত করে স্বনির্ভরতার পথ দেখিয়েছেন। স্বামী-স্ত্রীর এমন যৌথ উদ্যোগ এবং সমাজসেবামূলক মানসিকতা এখন সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত। চরম প্রতিকূলতার মাঝেও মানুষের পাশে দাঁড়ানোর এই অনুপ্রেরণাদায়ক ঘটনা প্রমাণ করে, ইচ্ছে থাকলে বাধা পেরিয়ে জয় করা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *