মাটির নিচে লুকিয়ে রাখা ৫ লক্ষ টাকা খেল উইপোকা, এখন কী করছেন ওই কৃষক?
বার্তা ডেস্কঃ
রাজস্থানের বালোটরা জেলার পচপদ্রা এলাকার এক কৃষক চুরির ভয়ে এবং পরিবারের অজান্তে তাঁর জমানো পাঁচ লক্ষ টাকা পলিথিনে মুড়ে জমির গভীরে পুঁতে রেখেছিলেন। জমি বিক্রির এই টাকা দিয়ে একটি নতুন ঘর তৈরির পরিকল্পনা থাকলেও, ঠিক কোন স্থানে টাকা রাখা হয়েছে তা তিনি সম্পূর্ণ ভুলে যান। দীর্ঘ প্রায় এক বছর পর জমিতে ট্র্যাক্টর দিয়ে চাষের সময় একটি ছেঁড়া ব্যাগের সন্ধান মেলে। ব্যাগটি বাইরে এনে খুলতেই চক্ষু চড়কগাছ হয় পরিবারের, কারণ সমস্ত ৫০০ টাকার নোট উইপোকা কেটে সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে।
সর্বস্বান্ত পরিবারটি স্থানীয় এসবিআই শাখায় ক্ষতিগ্রস্ত নোটগুলি বদলাতে গেলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তা নিতে সরাসরি অস্বীকার করে এবং জয়পুরে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু চরম আর্থিক অনটন ও অশিক্ষার কারণে অসহায় ওই কৃষকের পক্ষে জয়পুর যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। নিজের এই ভুল সিদ্ধান্তের জেরে আজ তাঁরা চরম বিপাকে পড়েছেন, আর পুরো ঘটনার জেরে পরিবারজুড়ে চলছে গভীর আক্ষেপ ও হতাশা।