স্কুল নাকি সেন্সাস, শিক্ষকদের এই হাল কেন!
বার্তা ডেস্কঃ
সরকারি স্কুলের স্বাভাবিক পঠনপাঠন বজায় রেখে গণহারে শিক্ষকদের জনগণনার কাজে যোগ দেওয়ার নির্দেশ ঘিরে রাজ্য সরকারের কাছে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। পঠনপাঠন স্তব্ধ হওয়া এড়াতে ঢালাও নির্দেশের বদলে প্রয়োজন অনুযায়ী শিক্ষক বাছাইয়ের পক্ষে সওয়াল করেছে আদালত। ক্লাস শেষে দূরবর্তী এলাকায় সেন্সাসের দায়িত্ব পালন কতটা কষ্টসাধ্য, তা তুলে ধরে আদালত প্রশ্ন তোলে—“শিক্ষকেরা স্কুলের দায়িত্ব সামলাবেন, না সেন্সাসের কাজ করবেন?”
শিক্ষা ব্যবস্থা সচল রাখতে প্রতিটি বিদ্যালয় থেকে ৫-৬ জন শিক্ষককে বেছে নিয়ে ‘রোটেশন’ পদ্ধতিতে কাজের বিকল্প প্রস্তাব দিয়েছে আদালত। অন্যদিকে, শিক্ষকেরাও এই কাজটিকে ‘অন ডিউটি’ ঘোষণার দাবি জানিয়ে দায়িত্ব পালনে সম্মতি প্রকাশ করেছেন। রাইট টু এডুকেশন আইন বজায় রেখে কীভাবে এই দুই সরকারি দায়িত্বের সামঞ্জস্য রক্ষা সম্ভব, সে বিষয়ে রাজ্যকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতুবি রাখা হয়েছে।