দেশপ্রিয় পার্কে মণ্ডপ ভাঙচুর! পুজোর ভবিষ্যৎ নিয়ে কী জানালেন বিধায়ক?
বার্তা ডেস্কঃ
দক্ষিণ কলকাতার জনপ্রিয় দেশপ্রিয় পার্কের ৮৯তম দুর্গোৎসবের মণ্ডপ ভাঙচুরের অভিযোগে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে গত ৯ আগস্ট রাতে একদল বহিরাগত মণ্ডপে এসে তাণ্ডব চালায় বলে অভিযোগ। এই ঘটনার পর পার্কের সাধারণ প্রবেশাধিকার বন্ধ রাখা হয়েছে এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ৭০ ফুট মণ্ডপ তৈরি এবং কমিটিগত বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট এই পরিস্থিতিতে ঐতিহ্যবাহী এই পুজোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।
এই উত্তপ্ত পরিস্থিতিতে মুখ খুলেছেন রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত। তিনি জানান যে প্যান্ডেল ভাঙা হয়নি, এটি মূলত দুই কমিটির অভ্যন্তরীণ বিবাদ। কেএমসি-র নোটিস ও আইনি মামলার প্রসঙ্গ টেনে তিনি জানান, তারা এই বিবাদ থেকে দূরে থাকবেন। দুর্গাপুজোর সম্পূর্ণ অরাজনীতিকরণের পক্ষে সওয়াল করে বিধায়ক স্পষ্ট করেন যে তিনি কোনো কমিটিতে থাকবেন না এবং স্থানীয় পার্কগুলি খুলে দেওয়াই তাঁর প্রথম লক্ষ্য।