স্ত্রীর জন্য আস্ত তাজমহল, দুই কোটির এই অন্দরমহল দেখলে চমকে যাবেন!
বার্তা ডেস্কঃ
মধ্যপ্রদেশের বুরহানপুরের ব্যবসায়ী প্রকাশ চৌকোশি যেন আক্ষরিক অর্থেই আজকের ‘আধুনিক শাহজাহান’! স্ত্রীর প্রতি গভীর ভালোবাসার নিদর্শন হিসেবে নিজের বাড়িতেই তিনি গড়ে তুলেছেন আস্ত এক তাজমহল। ২০২১ সালে নির্মিত এই শ্বেতশুভ্র বাড়িটি তৈরিতে সময় লেগেছিল প্রায় পৌনে দুই বছর। সাদা মাকরানা মার্বেলে তৈরি এই প্রাসাদের গম্বুজ, মিনার থেকে শুরু করে অন্দরমহলের কারুকাজ—সবকিছুই আসল তাজমহলের নিখুঁত আদলে তৈরি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই বাড়ির ভিডিও ছড়িয়ে পড়তেই তা নেটপাড়ায় ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। নেটিজেনরা অবাক হয়ে দেখছেন, কীভাবে সুনিপুণ মাপে বাড়ির অন্দরমহল সাজিয়ে রীতিমতো রাজকীয় আবহে বসবাস করছেন এই দম্পতি।
আসল তাজমহলের মাপজোক মাথায় রেখেই নির্মিত এই দ্বিতল বাড়িতে রয়েছে ২৪ ফুট উচ্চতার ছাদ ও নজরকাড়া জালের কাজ। বসার ঘরের সোফা থেকে জানলার কারুকাজ—সবকিছুতেই যেন নবাবিয়ানার ছাপ স্পষ্ট। এই রেপ্লিকাটি তৈরি করতে ব্যবসায়ীর খরচ হয়েছে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা। ভালোবাসার এমন অনন্য নিদর্শন দেখে মুগ্ধ নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ।