যত্ন করেও ত্বকে দাগ-ব্রণ? অজান্তেই করছেন না তো এই মারাত্মক ভুলগুলো!
বার্তা ডেস্কঃ
নিত্যনতুন প্রসাধনীর সমাহারে বাজারে প্রতিদিন আসছে হাজারো পণ্য। সোশ্যাল মিডিয়া ট্রেন্ড আর আকর্ষণীয় বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে অনেকেই দিনের পর দিন স্কিনকেয়ার রুটিনে যুক্ত করছেন নানা ধরনের কেমিক্যাল প্রডাক্ট। তবে চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, একসঙ্গে একাধিক অ্যাক্টিভ উপাদান—যেমন অ্যাসিড বা রেটিনয়েড ব্যবহারে ত্বকে অতিরিক্ত চাপ পড়ে। অতিরিক্ত ক্লেনজিং বা এক্সফোলিয়েশন ত্বকের বাইরের প্রতিরক্ষামূলক আর্দ্র স্তর বা ব্যারিয়ার নষ্ট করে দেয়। ফলে উপকারের বদলে ত্বকে শুষ্কতা, জ্বালাপোড়া এবং ব্রণের মতো জটিল সমস্যা দেখা দেয়। বহু পণ্য একসঙ্গে ব্যবহার করলে ঠিক কোন উপাদানের কারণে অ্যালার্জি বা সমস্যা হচ্ছে, তা চিহ্নিত করাও আসাম্ভব হয়ে পড়ে।
বাস্তবে ত্বকের সঠিক যত্নের মূলমন্ত্র বিপুল প্রসাধনীর সংখ্যায় নয়, বরং সঠিক ও সীমিত ব্যবহারে নিহিত। রূপচর্চার জন্য কেবল একটি হালকা ক্লেনজার, উপযুক্ত ময়েশ্চারাইজার এবং ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করাই যথেষ্ট। প্রয়োজন অনুসারে এতে প্রাকৃতিক উপাদানের তৈরি ফেসপ্যাক যুক্ত করা যেতে পারে। তাই বিজ্ঞাপন বা ট্রেন্ডের প্রভাবে তাড়াহুড়ো করে নতুন কোনো পণ্য কেনার আগে ত্বকের আসল চাহিদা বোঝা অত্যন্ত জরুরি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রসাধনীর উপাদানের গুণাগুণ জেনে বুঝে সঠিক নিয়ম মেনে যত্ন নিলেই ত্বক দীর্ঘমেয়াদে সুস্থ, উজ্জ্বল এবং স্বাভাবিকভাবেই মসৃণ থাকবে।