মার্কিন শুল্ক ফাঁকি দিতে চিনকে সাহায্য, ভারতসহ ৪০ দেশের বিরুদ্ধে ট্রাম্পের বিস্ফোরক অভিযোগ!

বার্তা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ কিছুটা থিতিয়ে আসতেই ফের শিরোনামে আমেরিকার শুল্কযুদ্ধ। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, মার্কিন শুল্ক ফাঁকি দিতে চিনকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করছে বিশ্বের ৪০টিরও বেশি দেশ—যার মধ্যে রয়েছে ভারতও। ‘দ্য গ্রেট ট্রান্সশিপমেন্ট স্ক্যাম’ শীর্ষক একটি রিপোর্টে এই চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন বাণিজ্য ও উৎপাদন বিষয়ক উপদেষ্টা পিটার নাভারো।

রিপোর্টে বলা হয়েছে, তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশকে মাধ্যম হিসেবে ব্যবহার করে চিনা পণ্যের আসল উৎস গোপন করা হচ্ছে এবং ঘুরপথে তা মার্কিন বাজারে পাঠানো হচ্ছে। নাভারোর মতে, ২০১৮ সালে ট্রাম্প সরকার চিনের ওপর ‘সেকশন ৩০১’ শুল্ক আরোপ করার পর থেকেই এই অবৈধ ‘ছায়া-বাণিজ্য’ বহুগুণ বেড়ে গেছে। মার্কিন দপ্তরের হিসাব অনুযায়ী, এভাবে বেআইনিভাবে পাঠানো পণ্যের বার্ষিক মূল্য ৪০ বিলিয়ন থেকে বেড়ে প্রায় ৩০৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

আমেরিকার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার মেক্সিকো, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো এশীয় শক্তির দিকেও আঙুল তুলেছে ট্রাম্প প্রশাসন। এই জালিয়াতি ও ষড়যন্ত্র শনাক্ত করতে আমেরিকা এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সাহায্য নেবে বলেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *