উত্তরাখণ্ডে ফের প্রাণঘাতী সুড়ঙ্গ বিপর্যয়, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু শ্রমিক!
বার্তা ডেস্কঃ
উত্তরাখণ্ডের চামোলি জেলার মায়াপুরে THDC-র একটি নির্মাণাধীন জলবিদ্যুৎ টানেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৬টা ৪৫ মিনিট নাগাদ আচমকাই ধস নেমে টানেলের ভেতর বিপুল পরিমাণ কাদা ও জল ঢুকে পড়ে। এই ঘটনায় ৭ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ১৪ জন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার সময় টানেলের ভেতরে ২২ জন শ্রমিক কর্মরত ছিলেন। উদ্ধারকারী দল ২১ জনের অবস্থান নিশ্চিত করতে পারলেও ১ জন শ্রমিক এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে গোপেশ্বরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকে থাকা শেষ শ্রমিকটিকে উদ্ধারের জন্য SDRF, NDRF, সেনা, ITBP, CISF এবং স্থানীয় পুলিশ ড্রাম-বোট ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধার অভিযান চালাচ্ছে।
ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানান, আটকে পড়া সকলকে নিরাপদে বের করে আনাই সরকারের মূল অগ্রাধিকার। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং উদ্ধারকাজ তদারকি করতে শুক্রবার সকালেই দুর্ঘটনাস্থল পরিদর্শন ও গোপেশ্বরে আহত শ্রমিকদের সাথে দেখা করার কথা রয়েছে তাঁর। তবে ঠিক কী কারণে এই আকস্মিক ধস নামল, তা খতিয়ে দেখছে প্রশাসন।