অন্নপূর্ণা যোজনায় বিশাল ধামাকা, ১৭ আগস্ট থেকে অ্যাকাউন্টে ঢুকছে টাকা!
বার্তা ডেস্কঃ
অন্নপূর্ণা যোজনা নিয়ে উপভোক্তাদের জন্য এল বিরাট খুশির খবর। ১৭ আগস্ট থেকেই যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে পৌঁছাবে আগস্ট মাসের টাকা, আর আগামী মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই মিলবে এই আর্থিক সহায়তা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আবেদন যাচাইয়ের প্রক্রিয়া দ্রুত শেষ করা হচ্ছে। রাজ্য সরকার এবার গ্রামীণ এলাকার মহিলাদের সুবিধার্থে নিয়মে বড় পরিবর্তন এনেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রামে বাড়িতে তিনটি ঘর থাকলেও আর আবেদন বাতিল হবে না, শর্তটি কিছুটা শিথিল করা হয়েছে। ফলে আগে যাঁরা ঘরের সংখ্যার কারণে বাদ পড়েছিলেন, তাঁরাও এবার এই প্রকল্পের আওতায় আসতে পারেন। পাশাপাশি, আবেদনকারীর নিজের মাসিক আয় ১০ হাজার টাকার কম হলেই তিনি যোগ্য বলে বিবেচিত হবেন; পরিবারের অন্য সদস্যের আয় বেশি হলেও আবেদনকারীর অধিকার ক্ষুণ্ণ হবে না।
ইতিমধ্যেই এই প্রকল্পে ১ কোটি ৭০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই সুবিধা পেলেও, আয়করদাতা এবং সরকারি চাকুরিজীবী মহিলারা এর বাইরে থাকবেন। রাজ্য সরকারের অন্যান্য প্রকল্প থেকে ভাতা পাওয়া মহিলারা অন্নপূর্ণা মিলিয়ে সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন, তবে বিশেষভাবে সক্ষম মহিলাদের ক্ষেত্রে একই সাথে দুটি প্রকল্পের সুফল পাওয়ার বিশেষ ছাড় দেওয়া হয়েছে। জুন মাস থেকে শুরু হওয়া এই বিপুলসংখ্যক আবেদনের তথ্য যাচাই নিশ্চিত করার পরেই চূড়ান্ত তালিকা প্রকাশ করছে প্রশাসন। নতুন পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা এখন সহজেই নিজেদের আবেদনের অবস্থা জানতে পারবেন। নিয়মের এই নমনীয়তার কারণে গ্রামগঞ্জের লাখ লাখ বঞ্চিত মহিলা নতুন করে আশার আলো দেখছেন।