ডিএ মামলায় চূড়ান্ত রায় কি ১৮ আগস্টই? সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!
বার্তা ডেস্কঃ
বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এলো এক অত্যন্ত স্বস্তিদায়ক খবর। পর পর কয়েকটি শুনানির দিন পিছনোর পর অবশেষে শীর্ষ আদালতে চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে এই হাইভোল্টেজ মামলাটি। আগামী ১৮ আগস্ট দুপুর ২টোয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে পরবর্তী শুনানি স্থির করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিচারপতি দ্বয় ইতিমধ্যেই এই মামলাটিকে ‘পার্ট হার্ড’ (Part Heard) হিসেবে গণ্য করেছেন এবং আদালতের ওয়েবসাইটেও তা আপডেট হয়ে গিয়েছে।
মামলাকারী সংগঠন ‘কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ’-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় নিশ্চিত করেছেন যে নির্ধারিত দিনে শুনানি নিশ্চিতভাবেই হচ্ছে। মামলাটি ‘পার্ট হার্ড’ হওয়ায় বিচারপতিদের অবসরের আগেই মামলার দীর্ঘায়িত লড়াইয়ের ইতি টানার পথ প্রশস্ত হলো, ফলে আইনি লড়াই হিমঘরে যাওয়ার আর কোনো আশঙ্কা নেই। আগামী ১৮ আগস্ট মনিটরিং কমিটির পেশ করা রিপোর্ট খতিয়ে দেখে বাদী ও বিবাদী উভয় পক্ষই নিজেদের বক্তব্য পেশের সুযোগ পাবে। দীর্ঘদিনের আইনি জটিলতা কেটে চূড়ান্ত রায়ের আশা জাগায় বর্তমানে খুশির হাওয়া কর্মচারীমহলে।