কাশ্মীরে ফের জঙ্গি আতঙ্ক, ভিটেমাটি ছাড়ছেন পণ্ডিতরা!
বার্তা ডেস্কঃ
জম্মু ও কাশ্মীরে কর্মরত সংখ্যালঘু সম্প্রদায় ও কাশ্মীরি পণ্ডিত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে নতুন করে জঙ্গি হুমকি বার্তা দেওয়ায় তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সম্প্রতি পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (LeT) একটি তথাকথিত ফ্রন্ট গ্রুপের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় হুমকি চিঠি প্রকাশ করা হয়, যেখানে কয়েকজন কর্মীর নাম ও ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লাহ একে বড় ধরনের কোনো “ষড়যন্ত্র” বলে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) প্রত্যক্ষ তত্ত্বাবধানে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন।
ফারুক আবদুল্লাহ প্রশ্ন তোলেন, উপত্যকায় অন্যান্য সম্প্রদায়ের মানুষ বসবাস করা সত্ত্বেও কেন বারবার শুধুমাত্র কাশ্মীরি পণ্ডিতদেরই নিশানা করা হচ্ছে। এর পেছনে আসল কুশীলব কারা এবং কারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আতঙ্ক ছড়াচ্ছে, তা খতিয়ে দেখার জন্য তিনি প্রশাসনকে আহ্বান জানান।
এদিকে হুমকির পরপরই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ‘প্রধানমন্ত্রী বিশেষ কর্মসংস্থান প্যাকেজের’ (PM Special Employment Package) আওতায় থাকা শত শত কর্মীকে ২৫ আগস্ট পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। যাদের নাম চিঠিতে এসেছে, তাদের নিরাপত্তার স্বার্থে জম্মুতে সরিয়ে নেওয়া হয়েছে এবং পুলিশ তাঁদের আপাতত কাজের জায়গায় না যেতে ও ঘরে থাকার পরামর্শ দিয়েছে।
সাইবার সেল ও গোয়েন্দা সংস্থাগুলো বর্তমানে হুমকি চিঠিটির সত্যতা খতিয়ে দেখছে। পাশাপাশি সমগ্র উপত্যকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা বহুলাংশে জোরদার করা হয়েছে। উল্লেখ্য, ২০১০ সালে ইউপিএ সরকারের উদ্যোগে তৈরি এই বিশেষ প্যাকেজের অধীনে প্রায় ৬ হাজার কাশ্মীরি পণ্ডিতকে পুনর্বাসন ও চাকরি দেওয়া হয়, যা ২০২২ সালের টার্গেটেড কিলিং ও সাম্প্রতিক হুমকির কারণে পুনরায় চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে।