স্বাধীনতা দিবসে বড় চমক, পুরুলিয়া থেকে দিঘা ও এনজিপি-র জন্য মিলছে নতুন ট্রেন!
বার্তা ডেস্কঃ
দেশজুড়ে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। আর এই বিশেষ মুহূর্তেই পশ্চিমবঙ্গের জন্য আসতে চলেছে এক বড় উপহার—পুরুলিয়াকে কেন্দ্র করে জোড়া নতুন ট্রেন! জঙ্গলমহলের পর্যটনকে আরও গতিশীল করতে এবং পাহাড় থেকে সমুদ্রকে রেল যোগাযোগে বেঁধে ফেলতে তোড়জোড় শুরু করেছে ভারতীয় রেল।
সম্প্রতি পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে একটি লিখিত প্রস্তাব জমা দিয়েছেন। সেই প্রস্তাব অনুযায়ী, পুরুলিয়া থেকে দিঘা এবং পুরুলিয়া থেকে নিউ জলপাইগুড়ি (NJP) পর্যন্ত দুটি পৃথক ট্রেন চালানোর দাবি জানানো হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গ পর্যটন স্টেকহোল্ডার সম্মেলনে এই বিষয়ে আলোচনা হলে পর্যটন বিভাগের মন্ত্রী শঙ্কর ঘোষও তাতে সবুজ সংকেত দিয়েছিলেন।
শুধু দিঘা বা এনজিপি নয়, রেলমন্ত্রীর কাছে আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে:
- দক্ষিণ ভারতের সংযোগ: উন্নত চিকিৎসার স্বার্থে পুরুলিয়া-ভেল্লুপুরম এক্সপ্রেসের যাতায়াত সপ্তাহে ৩ দিনের বদলে বাড়িয়ে ৫ দিন করার অনুরোধ জানানো হয়েছে।
- নতুন রুট: পুরুলিয়া থেকে বেঙ্গালুরু এবং আসানসোল-পুরুলিয়া হয়ে হাওড়াগামী নতুন ট্রেন চালুর প্রস্তাবও রয়েছে এই তালিকায়।
সব মিলিয়ে, এই নতুন প্রস্তাবগুলি বাস্তবায়িত হলে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে দার্জিলিং বা দিঘা ভ্রমণ যেমন সহজ হবে, তেমনই স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ও চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও খুলবে নতুন সম্ভাবনার দুয়ার।