২৮ হাজার কোটি টাকার বিনিয়োগ, শিল্পায়নে টাটাকে ফেরাতে বড় পদক্ষেপে রাজ্য!
বার্তা ডেস্কঃ
ক্ষমতায় আসার চার মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে শিল্পায়নের ধারা বদলে দিতে একগুচ্ছ বড় পরিকল্পনা গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। রাজ্যে নতুন ‘ইনভেস্টর ফ্রেন্ডলি’ পরিবেশ তৈরিতে সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স, জমি নীতি সংস্কার এবং আইনশৃঙ্খলা কঠোর করার ওপর জোর দেওয়া হয়েছে। সবচেয়ে বড় চমক হিসেবে প্রায় দুই দশক পর সিঙ্গুর অধ্যায়ের অবসান ঘটিয়ে টাটা গোষ্ঠীকে বাংলায় ফেরানোর বিষয়ে আলোচনা শুরু হয়েছে, যেখানে ২০০৮ সালের পাওনা ক্ষতিপূরণের আইনি জট দ্রুত সমাধানের চেষ্টা চলছে। একইসঙ্গে শিল্পের জমি সমস্যা মেটাতে সরাসরি ক্রয় এবং ল্যান্ড পুলিংয়ের পথ বেছে নেওয়া হচ্ছে।
গত তিন মাসে রাজ্যে ২৮ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়। গৌতম আদানি, লারসেন অ্যান্ড টুব্রো ও বিড়লা গোষ্ঠীর মতো শীর্ষ শিল্পপতিদের সাথে বৈঠকের পর কলকাতায় ২,৫০০ কোটি টাকার ‘আদানি হেলথ সিটি’ ও ১৭ অগস্ট পুরুলিয়ায় ৪,০০০ কোটি টাকার স্টিল কারখানার শিলান্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাট, চা ও বস্ত্রের পাশাপাশি সেমিকন্ডাক্টর, এআই, ডিফেন্স এবং ড্রোন শিল্পের মতো আধুনিক প্রযুক্তিতে জোর দিয়ে আগস্ট-সেপ্টেম্বরের মধ্যেই পূর্ণাঙ্গ শিল্পনীতি চালুর কথা জানিয়েছে রাজ্য প্রশাসন।