লালকেল্লায় ফের আসন বিতর্ক, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বয়কট রাহুল-খাড়গের!
বার্তা ডেস্কঃ
৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লার মূল অনুষ্ঠানে আবারও অনুপস্থিত রইলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পর পর দুই বছর কেন্দ্রের এই লালকেল্লার অনুষ্ঠান এড়িয়ে চললেন এই শীর্ষ দুই বিরোধী নেতা। প্রোটোকল ও আসনবিন্যাস নিয়ে অসন্তোষের কারণেই মূলত তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে।
কংগ্রেসের অভিযোগ, তাঁদের সাংবিধানিক পদমর্যাদার প্রাপ্য সম্মান লালকেল্লার অনুষ্ঠানে দেওয়া হয়নি। যদিও প্রতিরক্ষা মন্ত্রকের দাবি ছিল, সরকারি ‘টেবিল অব প্রিসিডেন্স’ অর্থাৎ নির্ধারিত সাংবিধানিক ক্রম অনুসারেই বিরোধী দলনেতাকে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য মর্যাদা দিয়ে আসন বরাদ্দ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালেও আসনবিন্যাস নিয়ে বিতর্ক তৈরি হয়। লোকসভার বিরোধী দলনেতা হওয়া সত্ত্বেও সেবার রাহুল গান্ধীকে পঞ্চম সারিতে বসানো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিল কংগ্রেস। পরবর্তীতে ২০২৫ এবং ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও রাহুল গান্ধী ও খাড়গেকে তৃতীয় সারিতে বসানো হয়, যা নিয়ে আপত্তি তোলে বিরোধী শিবির। সেই অসন্তোষ ও প্রোটোকল না মানার ধারাবাহিক অভিযোগ থেকেই এবারও লালকেল্লার এই আনুষ্ঠানিক উদযাপনে যোগ দেওয়া থেকে বিরত থাকেন দুই কংগ্রেস শীর্ষনেতা।